ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তসহ আগুন লাগা প্রতিরোধে ১২ সদস্যের কোর কমিটি গঠন করেছে সরকার। কমিটির নেতৃত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
বার্তাসংস্থা বাসস জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম রোববার বিকালে সচিবালয়ের মন্ত্রীপরিষদ সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনায় আন্তঃমন্ত্রণালয় জরুরি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, ‘হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে সভায় আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে রোববার এ সভা হয়েছে।’
উপদেষ্টা জানান, কোর কমিটির সভা আবার ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে কোর কমিটি রিপোর্ট দাখিল করবে। কমিটির সুপারিশ অনুসারে পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কমিটির রিপোর্ট পেলে সরকারের পক্ষ থেকে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
মন্ত্রিপরিষদ সভাকক্ষে রোববার দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ কমিটির সদস্যরা ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে জরুরি এ সভার আহ্বান করা হয়।
এর আগে, ১৮ অক্টোবর দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে, ২৭ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
এতে এই বিমানবন্দর থেকে বিমান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। ঐদিন রাত ৯টার পর ফের বিমান চলাচল শুরু হয়। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।


