শুটিংয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিল উত্তরা কল্যাণ সমিতি সেক্টর–৪। শুটিংয়ে জনসমাগম ও বাসিন্দাদের দুর্ভোগের কথা তুলে ধরে ২০ জুলাই হাউস মালিকদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি সেক্টর–৪।
তবে নির্মাতা ও শিল্পীদের প্রতিবাদ ও ডিরেক্টরস গিল্ডের আনুষ্ঠানিক আপত্তির পর অবশেষে সেই নিষেধাজ্ঞা কিছু শর্তসাপেক্ষে তুলে নেওয়া হচ্ছে।
শনিবার বিকেলে আলোচনার পর বিষয়টির সমাধান হবে বলে নিশ্চিত করেছেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪ ও শুটিং হাউস মালিকদের সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তারা।
উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪–এর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী বলেন, ‘কল্যাণ সমিতি এই এলাকার সবার কল্যাণে নিয়োজিত আছে। আবাসিক এলাকার মধ্যে আমরা সবাই মিলেমিশে আছি। কারও ক্ষতি হয়, এ রকম কিছু কল্যাণ সমিতি করবে না।’
তবে সবাইকে একটা নিয়মের মধ্যে থেকে কাজ করলে সুবিধা হয়। এলাকাও সুরক্ষিত থাকে। এ জন্যই আমরা একসঙ্গে বসব। আশা করছি, সবকিছুর সুন্দর সমাধান হবে, যোগ করেন তিনি।
শুটিং হাউস মালিকদের সংগঠনের উপদেষ্টা খলিলুর রহমান বলেন, ‘৩০ বছর ধরে ব্যবসা করে আসছি। হঠাৎ কিছু একটা বললেই বাস্তবায়ন করা সম্ভব নয়। তাদের সঙ্গে আমরা বসে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘আবাসিক এলাকায় কাজ করতে গেলে স্বাভাবিকভাবেই কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সেদিকেও আমাদের সবার দৃষ্টি থাকবে। নির্মাতা থেকে শুটিং ইউনিটকে বিষয়গুলো অবহিত করা করেছি।’
উত্তরা সেক্টর–৪ এলাকায় তিনটি শুটিং হাউস লাবণী ৪, লাবণী ৫ ও আপন ঘর ২ রয়েছে।উত্তরা সেক্টর-৪ এলাকায় একটি বেসরকারি টেলিভিশনের শুটিং হাউস থাকলেও সেটার কার্যক্রম অনিয়মিত বলে জানা গেছে।


