বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। ওয়াইল্ড টিম, ভিটিআরটি সদস্য ও স্থানীয় জনগণের সহায়তায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খুড়িয়াখালী গ্রামের জামাল মিরার বাড়ি থেকে হরিণটি উদ্ধার করা হয়।
রোববার সকালে হরিণটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
বন বিভাগ জানিয়েছে, প্রায় ২৫ কেজি ওজনের স্ত্রী চিত্রা হরিণটি পথ হারিয়ে লোকালয়ে চলে আসে। পরে এলাকাবাসী হরিণটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ওয়াইল্ড টিম ও ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে নিরাপদে উদ্ধার করেন।
ওয়াইল্ড টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার বলেন, ‘স্থানীয় মানুষের সহযোগিতায় খুব দ্রুত হরিণটি উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার সময় হরিণটির শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকায় মাঝে মাঝে খাবারের সন্ধানে বা জোয়ারের পানির কারণে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনা ঘটলে প্রাণীটিকে বিরক্ত না করে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মানুষ আগের তুলনায় এখন অনেক বেশি সচেতন হয়েছে। সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষা করতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় মানুষের এই সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’


