লেবাননে যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, দক্ষিণ ও পূর্ব লেবাননজুড়ে মঙ্গলবার রাতভর হামলায় এই প্রাণহানি ঘটে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, গত এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর মঙ্গলবার রাতভর দেশটিতে অন্যতম ভয়াবহ বোমা হামলা চালানো হয়েছে।
এসব হামলায় ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর ১০০টিরও বেশি অবকাঠামো ও যোদ্ধাদের লক্ষ্যবস্তু করারও দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এদিকে হামলার কয়েকঘন্টা আগে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার অঙ্গীকার করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার দেশের নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ‘আমাদের সেনারা লেবাননে অভিযান আরও তীব্র করছে। আইডিএফ স্থলভাগে বিশাল বাহিনী নিয়ে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ এলাকা দখল করছে। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের হিজবুল্লাহর হামলা থেকে রক্ষা করতে তারা “নিরাপত্তা অঞ্চলকে শক্তিশালী” করছে।’
এর আগে সোমবার নেতানিয়াহু বলেছিলেন, তিনি হিজবুল্লাহকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে ইসরায়েলি সেনাদের ‘আরও কঠোর পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন।


