মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়া থেকে দেশে ফেরানো হয়েছে ১৭৫ বাংলাদেশিকে। এদের মধ্যে ৩০ জন লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন। বাকিরা দুস্থ ও অসুস্থ অবস্থায় দেশটির বিভিন্ন স্থানে বাস করছিলেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা। বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় এসব বাংলাদেশিদের দেশে ফেরানো হলো।
দেশে ফেরা বাংলাদেশিদের মধ্যে ১৪৫ জনেই দুস্থ, অসহায় ও শারীরিকভাবে অসুস্থ অবস্থায় লিবিয়ায় অবস্থান করছিলেন।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার লক্ষ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন।
অভিযোগ রয়েছে, এদের অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে দেশে ফেরা বাংলাদেশিদের প্রত্যেককে পথখরচা, কিছু খাদ্য সামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।


