বাংলাদেশ রেলওয়েকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, রেলকে ঢেলে সাজিয়ে লাভজনক ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর আব্দুল গণি রোডে রেল ভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রেলের উন্নয়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে পুনরুজ্জীবিত করার কথা উল্লেখ রয়েছে বলে তিনি জানান।
টিকিট কালোবাজারি প্রতিরোধ, দুর্নীতি দমন এবং যাত্রীসেবার মান উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন বলেও তিনি বলেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্বিঘ্ন ও হয়রানিমুক্ত রেলযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
তিনি আগামী ১৮০ দিনের মধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দেন।
ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচলের সময় কীভাবে কমানো যায় তা এক সপ্তাহের মধ্যে খুঁজে বের করে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো রাজীব আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


