পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ ক্রিস্টিয়ানো রোনালদোকে সবার জন্য একটি ভালো উদাহরণ হিসেবে প্রশংসা করেছেন। তবে মঙ্গলবারে উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে এই অভিজ্ঞ অধিনায়ক শুরুর একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন।
উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে অন্যতম ফেভারিট হিসেবে বিবেচিত পর্তুগাল গত সপ্তাহে তাদের প্রথম ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে আটকে যায়। ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রোনালদো সেই ম্যাচে প্রায় অদৃশ্য ছিলেন এবং ম্যাচ শেষে খেলোয়াড় ও কোচ উভয়কেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগের দিন তার অভিজ্ঞ অধিনায়ক সম্পর্কে জানতে চাওয়া হলে মার্তিনেজ বলেন, ‘আমার মনে হয় ও এমন একজন খেলোয়াড় যে নিজের কাজে ভীষণ মনোযোগ দিতে পারে। যে বিষয়গুলো আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন ম্যাচ শেষে ফিটনেস ফিরে পাওয়া, ম্যাচের প্রস্তুতি এবং কঠোর অনুশীলন, সেসব ক্ষেত্রে কীভাবে মনোযোগ ধরে রাখতে হয় তার সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত ওই। ও আমাদের জন্য, আমাদের সবার জন্যই একটা দারুণ উদাহরণ।’
তিনি আরও আরও বলেন, ‘এটি ষষ্ঠবারের মতো ও বিশ্বকাপে খেলছে এবং ও এমন একজন খেলোয়াড় যে দীর্ঘদিন ধরে নিজের দেশের প্রতিনিধিত্ব করছে ও রক্ষণশীলভাবে দলের পাশে দাঁড়িয়েছে। তাই ও সত্যি নিজেকে আরও উন্নত করতে চায়, দলে অবদান রাখতে চায় এবং ও আমাদের দলের জন্য সত্যি একটি রোল মডেল।’
তবে রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্তিনেজ তা জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘কারণ আমি এখনো আমার খেলোয়াড়দের এই বিষয়ে কিছু জানাইনি।’
মার্তিনেজ বলেন, কঙ্গোর সঙ্গে ড্র করার পর পর্তুগাল যে হতাশা অনুভব করেছিল, সেটি বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা এবং এই ম্যাচে পিছিয়ে থাকা দল উজবেকিস্তানের বিরুদ্ধে তাদের মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
এই স্প্যানিশ কোচ বলেন, ‘একটি দল হিসেবে আমাদের সবার মাঝে যে হতাশার অনুভূতি ছিল, ম্যাচের পর যে নিরাশার তৈরি হয়েছিল, সম্ভবত পরবর্তী ম্যাচের প্রস্তুতি নেওয়ার জন্য সেটা আমাদের সেরা শুরুর বিন্দু। আমরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ, আমরা আরও শক্তিশালী এবং আমরা খুব কঠোর পরিশ্রম করছি। সেই সঙ্গে খেলোয়াড়দের মনোভাবও দারুণ।’
কঙ্গোর বিপক্ষে নিষ্প্রাণ পারফরম্যান্সের পর তাদের দিকে যে সমালোচনার তীর ধেয়ে এসেছে, সেটিকে খেলারই অংশ বলে মন্তব্য করেছেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে খেলছি, তাই স্বাভাবিকভাবেই আমাদের চারপাশে প্রচুর শোরগোল এবং এক ধরণের উত্তেজনা থাকবেই।’


