ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে আগে থেকেই ক্রস দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগ করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টিএসসি ভোটকেন্দ্রের টেবিল নম্বর ১-এ ভোট দিতে গিয়ে এমন পরিস্থিতির স্বীকার হন বলে অভিযোগ করেন তিনি।
ওই প্রার্থী অভিযোগ করে বলেন, ‘তার পরিচিত ভোটার লাবু রাখাইন বুথে ভোট দিতে গিয়ে দেখেন আগেই পেপারে সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে “ক্রস” দেওয়া রয়েছে।’
অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, ‘অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট পেপার হাতে নিয়েই বিষয়টি জানাতে পারতেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থাকার পর ফিরে এসে বিষয়টি জানিয়েছেন। তাই এমন অভিযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট পেপার দিয়েছি।’
‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটি করা হতে পারে। অথবা ওই শিক্ষার্থীই ভুল করেছেন তাও হতে পারে।’
অন্যদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা বিষয়টি জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বুঝিয়ে বলেন। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করা হবে বলেও তাদের জানানো হয়।


