মেজর সিনহা (অব.) হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় সাত দিনের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন তারা। সাত দিনের মধ্যে ফাঁসি কার্যকরের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খাঁন সাইফ বলেন, ‘বিচার কার্যকরে বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয় বরং আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।’
তিন বলেন, ‘হাইকোর্ট ২ জুন ফাঁসির রায় দিলেও দুই মাস ধরে রায়ের টাইপিং শেষ হয়েছে মাত্র। এখনো কার্যকরের তারিখ ঘোষণা হয়নি।
রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক দুর্বলতার কারণে ন্যায়বিচার বিলম্বিত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ ফাউন্ডেশনের (হিট ফাউন্ডেশন) চেয়ারম্যান মোহাম্মদ নুরুল্লাহ আল আমিন বলেন, ‘২০২২ সালে এই হত্যাকাণ্ড ঘটেছে। যদি ছয় মাসের মধ্যে রায় কার্যকর হতো, তাহলে অনেকেই একই ধরনের অপরাধ করতে ভয় পেত।’
তিনি বলেন, ‘ফাঁসি কার্যকরের বিলম্ব কেবল একটি মামলার বিষয় নয় বরং দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা, অপরাধীদের শাস্তি নিশ্চিতকরণ ও ভবিষ্যতের অপরাধ প্রতিরোধের সঙ্গে জড়িত।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মেহেদী হাসানসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।


