ঢাকার পল্টনে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ছয় জনকে আটক করেছে র্যাব। এ সময় ডাকাতদলের ব্যবহৃত মাইক্রোবাসও জব্দ করা হয়।
বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
অভিযুক্তরা হলেন- শহিদ মাঝি, মামুন, মিজান, মো. জুয়েল বিশ্বাস, মো. আলামিন দুয়ারী ও দিপু।
এম ইন্তেখাব চৌধুরী জানান, মঙ্গলবার রাজধানী ঢাকার পল্টন মডেল থানার ভিআইপি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় র্যাব ১০ এবং সিপিসি-১ যাত্রাবাড়ি ক্যাম্পের একটি দল ডাকাতদলের ওই সদস্যদের গ্রেপ্তার করে।
এ সময়, মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে র্যাব লেখা চারটি কোটি, চারটি ক্যাপ, র্যাবের পাঁচটি ভুয়া আইডি কার্ড, দুইটি হ্যান্ডকাফ, দুইটি ওয়াকিটকি সেট, একটি পিস্তলের কভার জব্দ করা হয়। এ ছাড়া, একটি ব্যাটন স্টিক, দুইটি অতিরিক্ত নম্বর প্লেট, পাঁচটি স্মার্ট ফোন, চারটি বাটন ফোনসহ নগদ ২০ হাজার ৪৫ টাকা জব্দ করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, শহিদ মাঝি, মামুন ও মিজানদের পরিকল্পনামতে মো. জুয়েল বিশ্বাস, মো. আলামিন দুয়ারী ও দিপু আগেও র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ও দস্যুতা করেছে। এ অপরাধে আবুল কালাম আজাদের মাইক্রোবাস ব্যবহার করেন তারা। আজাদ প্রায় দুই বছর আগে কারাগার থেকে জামিনে মুক্ত হন এবং ফের অপরাধে জড়ান।
র্যাবের বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে শহিদ মাঝি ও মামুন ফোন করে রাজধানীর পল্টনের আনন্দ ভবনের সামনে বাকিদের একত্রিত করেন এবং মিজানের কথামতো আবুল কালাম আজাদ তার মাইক্রোবাস নিয়ে আসেন। আসামিরা মাইক্রোবাসে উঠার পর তাদের কাছে র্যাব ছদ্মবেশ নেওয়ার সরঞ্জাম সরবরাহ করেন মামুন। এ সময় তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ডাকাতির পরিকল্পনা করেন।
র্যাব আরও জানায়, আলামিন দুয়ারী ও দিপুর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে। আবুল কালাম আজাদের বিরুদ্ধে রয়েছে ডাকাতি ও মাদকসহ মোট ছয়টি মামলা। অভিযুক্ত জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ডাকাতিসহ মোট ১৫টি মামলা রয়েছে। তিনি নিজেদের দলে নতুন সদস্যদের চাকরির প্রলোভন দেখিয়ে যুক্ত করতেন বলেও জানায় র্যাব।
এর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরে ডিবি পুলিশ পরিচয়ে ১৬ লাখ টাকা ডাকাতি করায় জুয়েল বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৭ নভেম্বর জামিনে বের হয়ে তিনি ফের দলের সঙ্গে ডাকাতি শুরু করেন।


