২০২৬ সালের হজ মৌসুমের জন্য রোববার থেকে আনুষ্ঠানিকভাবে ভিসা কার্যক্রম শুরু করতে যাচ্ছে সৌদি আরব। শনিবার এক ঘোষণায় দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে আগেভাগেই এই ভিসা কার্যক্রম শুরু করা হচ্ছে।
গালফ নিউজের খবরে বলা হয়, হজ মৌসুমে হাজিরা সৌদিতে প্রবেশের আগেই তাদের জন্য সব ধরনের অবকাঠামো ও সেবা প্রস্তুত রাখতে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই হাজিদের ভিসা দেওয়া শুরু করবে সৌদি সরকার।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ৮ জুন থেকেই ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয়েছিল। ওই সময় বিশ্বজুড়ে সৌদির হজ বিষয়ক দপ্তরগুলোকে প্রাথমিক পরিকল্পনা সংক্রান্ত নথি সরবরাহ করা হয়। এরইমধ্যে হজ সংক্রান্ত ‘নুসুক’ অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতার স্থানগুলোতে ক্যাম্প সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
নুসুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ অক্টোবর প্রস্তুতিমূলক বৈঠক, কার্যক্রম চূড়ান্তকরণ এবং বিভিন্ন দেশে হাজি নিবন্ধন কার্যক্রম চালু করা হয়। ২০২৬ সালের জানুয়ারির মধ্যেই মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন এবং পবিত্র স্থানগুলোর সব সেবা চুক্তি সম্পন্ন করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় রোববার থেকে ভিসা ইস্যু কার্যক্রম শুরু হচ্ছে। আগামী মার্চ মাসে ভিসা প্রক্রিয়া চূড়ান্ত করা হবে এবং হাজিদের আগমন-পূর্ব প্রস্তুতি সংক্রান্ত তথ্য জমা নেওয়া হবে।
সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৮ এপ্রিল (১ জিলকদ ১৪৪৭ হিজরি) থেকে প্রথম দফায় হাজিদের সৌদি আরবে আগমন শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে হজ মৌসুমের চূড়ান্ত কার্যক্রম শুরু করবে দেশটি।
নুসুকের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় সাত লাখ ৫০ হাজার হাজি নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৩০ হাজার হাজি নিজ নিজ দেশ থেকে সরাসরি প্যাকেজ বুক করেছেন। আন্তর্জাতিক হাজিদের জন্য মক্কা ও মদিনার ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে এবং ৭৩টি হজ কার্যক্রম দপ্তর তাদের প্রাথমিক চুক্তিগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, নুসুক মাসার প্ল্যাটফর্ম ও ইলেকট্রনিক ওয়ালেট ব্যবস্থার মাধ্যমে আর্থিক ও চুক্তিভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব হজ দপ্তর ও সেবা প্রদানকারীদের নির্ধারিত সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানিয়ে বলেছে, আগাম পরিকল্পনাই নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ হজ ব্যবস্থাপনার ভিত্তি।


