কালবৈশাখী ঝড়ে রেললাইনে দুটি গাছ পড়ে থাকায় নোয়াখালীতে আটকা পড়ে ঢাকা অভিমুখী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন। দুই ঘণ্টা পর উদ্ধারকারীরা গাছ সরিয়ে নিলে আবার ট্রেনটি যাত্রা করে।
মঙ্গলবার সকাল ৬টায় নোয়াখালীর সোনাপুর স্টেশন থেকে উপকূল এক্সপ্রেস মাইজদী কোর্ট স্টেশনের উদ্দেশে ছেড়ে আসার সময় পথিমধ্যে হরিনারায়ণপুর স্টেশনে গাছ পড়ে থাকায় আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ অপসারণ করলে ট্রেনটি মাইজদী কোর্ট স্টেশন থেকে দুই ঘণ্টা পর চৌমুহনী রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।
ট্রেনটির চালক রফিকুল ইসলাম জানান, পথে আবার চৌমুহনী গিয়েও অপেক্ষা করতে হবে, কারণ প্রায় অনেক জায়গায় গাছ পড়ে আছে। তাই গন্তব্যে পৌঁছানোর সঠিক সময় জানা নেই।
এদিকে অনাকাঙ্ক্ষিত এমন বিলম্বের খবরে প্রায় যাত্রীশূন্য হয়ে পড়ে ট্রেনটি। অধিকাংশ যাত্রী গন্তব্যে পৌঁছতে বিকল্প পথ খুঁজে নেন। যদিও অল্প সংখ্যক যাত্রী তখনও ট্রেনে অপেক্ষা করছিলেন।
নোয়াখালী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, খুব ভোর থেকেই রেলওয়ে কর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাইন ক্লিয়ার করতে গাছ অপসারণের কাজ করে যাচ্ছে। এগুলো পুরোপুরি অপসারণ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে। এরপর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।


