রেললাইন উপড়ে ফেলায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

রেললাইন উপড়ে ফেলায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ঢাকা অগ্নিবীণা এক্সপ্রেস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ময়মনসিংহে রেললাইন উপড়ে ফেলায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও স্টেশনের আগে জন্মজয় এলাকায় দুর্বৃত্তরা ২০ ফুট রেললাইন সরিয়ে ফেলে। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়।

তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ বলেন, ‘আমি এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারিনি। তবে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী জানিয়েছে রেললাইন সরিয়ে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হয়ে গেছে।’

রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

আরও পড়ুন

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘রেললাইনের একটি অংশের নাট খুলে সরিয়ে ফেলা হয়েছে। এতে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দুই দিন ধরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

এর আগে, শনিবার দুপুরে ময়মনসিংহ-১০ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আক্তারুজ্জামান বাচ্চু। এরপর বিষয়টি জানাজানি হলে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন।

ওইদিন বিকাল ৩টা থেকে আন্দোলন শুরু হওয়ার পর গফরগাঁও স্টেশন সংলগ্ন রেললাইনসহ উপজেলা ও পৌর শহরের অন্তত ৩০টি পয়েন্টে আগুন দেয় বিএনপির নেতাকর্মীরা। এতে পৌর শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এ অঞ্চলের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ফেলে।

আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা স্টেশনের কম্পিউটার সিস্টেম, সিগন্যাল লাইট, স্টেশনের সংযোগ লাইনে আগুন দেয়। এ সময় স্লিপার তুলে নেওয়ায় রেললাইন সরে যায়। ফলে শনিবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এছাড়াও গফরগাঁও-ভালুকা সড়ক, গফরগাঁও-কিশোরগঞ্জ সড়ক, নান্দাইল ও ত্রিশালমূখী সড়কে যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় একইদিনে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

পরদিন রোববারের আন্দোলনে সকাল থেকে চারবার গফরগাঁওয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে অন্তত ১০টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আন্দোলন শুরুর পর থেকে গফরগাঁও পৌর শহরসহ আশপাশের এলাকায় ব্যবস্থা প্রতিষ্ঠান এখনও পর্যন্ত বন্ধ রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad