পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘রেইনবো নেশন’ গঠনের যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে, পহেলা বৈশাখের এই বর্ণিল আয়োজন তারই প্রতিফলন। চট্টগ্রামে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার নগরীর ডিসি হিলে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশাখের আয়োজন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে দেশের অসাম্প্রদায়িক চেতনাকে আরও শক্তিশালী করে। এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক উজ্জ্বল বহিঃপ্রকাশ।’
সমাজের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার বলে মনে করেন তিনি।
মীর হেলাল বলেন, ‘কোনো আয়োজনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপস্থাপন করলে সেটি হয়ে ওঠে ব্যতিক্রমধর্মী ও হৃদয়গ্রাহী।’
সংশ্লিষ্ট মঞ্চের সামনে ও পেছনের সবার ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিন পর এমন বৈচিত্র্যময় আয়োজন সম্ভব হয়েছে উল্লেখ করে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
উপস্থিত সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই চেতনা ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
এ সময় নববর্ষ উপলক্ষে আয়োজিত র্যালি, আবৃত্তি, নৃত্য ও সংগীতের মাধ্যমে বাঙালির সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


