রাজধানীর মগবাজারে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে সিয়াম নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে নিচের দিকে একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ঘটনার সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রথমে তার পরিচয় নিশ্চিত করা না গেলেও পরে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পরপর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বোমা নিক্ষেপের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, নিহত সিয়াম মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন। দোকান থেকে নাস্তা নেওয়ার জন্য তিনি ঘটনাস্থলে এসে ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে বোমাটি নিচে নিক্ষেপ করা হয়েছে। বোমা নিক্ষেপের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের কাজ চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।’


