স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘উনার যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করতে হতো সেটা এখন কমে এসেছে। অর্থাৎ বাড়তি অক্সিজেনের চাহিদা কমে আসছে। তার শ্বাসতন্ত্রে সংক্রমণ ধরা পড়েছিল, সেটারও কিছুটা উন্নতি হয়েছে।’
তবে রুহুল কবির রিজভীকে চিকিৎসকরা ‘পূর্ণ বিশ্রাম’ থাকার জন্য পরামর্শ দিয়েছে বলে জানান রফিকুল ইসলাম।
এর আগে গত মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। বুধবার রাতে তাকে দেখতে যান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
স্কয়ার হাসপাতালের চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে এখন চিকিৎসাধীন রিজভী।
রিজভীর একান্ত সহকারি আরিফুর রহমান তুষার বলেন, ‘রুহুল কবির রিজভীকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। তিনি সকালের দিকে ঘুম থেকে উঠে জানতে চেয়েছেন নির্বাচন কেমন হচ্ছে? কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন?’


