রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের কথিত ৬০ দিনের ছাড়সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত খবরকে ভিত্তিহীন ও অননুমোদিত বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিভাগটি জানায়, এ বিষয়ে তাদের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে তথ্য, মন্তব্য বা নিশ্চিতকরণ দেননি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় বা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কেও বিভাগ কোনো তথ্য দেয়নি।
জ্বালানি বিভাগ স্পষ্ট করে জানায়, রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড়, কিংবা বাংলাদেশ কর্তৃক ১০ লাখ টন ডিজেল কেনার বিষয়ে তাদের কাছে কোনো সরকারি সিদ্ধান্ত, প্রস্তাব বা হালনাগাদ তথ্য নেই।
এ ধরনের সংবাদ বিভাগ কর্তৃক প্রদত্ত নয় উল্লেখ করে বলা হয়, কর্মকর্তাদের নামে প্রচারিত এসব তথ্য বিভ্রান্তিকর এবং জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভুল বার্তা দিতে পারে।


