কক্সবাজারের রামুতে ধানখেত পাহারা দেওয়ার সময় টংঘর থেকে দুই কৃষককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার ঈদগড়ে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন— ঈদগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা এলাকার ছৈয়দ কাসেম ও মাহমুদুল হক মাদু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেহরি খেয়ে ধানখেতের পাশে নির্মিত টংঘরে অবস্থান করছিলেন কাসেম ও মাহমুদুল। এ সময় একদল দুর্বৃত্ত সেখানে এসে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এ বিষয়ে রামু থানার ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপহৃতদের উদ্ধারে রামু থানা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। অপহৃত দুই কৃষককে দ্রুত উদ্ধারের জন্য সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
এদিকে ঈদগড়ের পাহাড়ি এলাকায় অপহরণসহ নিরাপত্তাজনিত ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তারা দ্রুত অপহৃতদের উদ্ধার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


