রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার দিনব্যাপী পরিচালিত এই অভিযানে আইন অমান্য করায় ৫৪৬টি গাড়ি ডাম্পিং এবং ৪১৪টি গাড়ি রেকার করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগের আওতাধীন বিভিন্ন জোনে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা এবং ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৪টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫টি বাস, ২টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৮৪টি সিএনজি ও ২৭৪টি মোটরসাইকেলসহ মোট ৪৯৭টি মামলা এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৯০টি মামলা; ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪টি বাস, ১৭টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি ও ৩৪১টি মোটরসাইকেলসহ মোট ৫৩৩টি মামলা; ট্রাফিক-উত্তরা বিভাগে ৬০টি বাস, ৯টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৭৭টি সিএনজি ও ২০০টি মোটরসাইকেলসহ মোট ৪৮১টি মামলা এবং ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১০৭টি মোটরসাইকেলসহ মোট ৩০৬টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


