রাজধানীর হাতিরঝিল ওয়ারলেস মোড়ে তুচ্ছ ঘটনার জেরে মোটরসাইকেল চালকের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মালিবাগের ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম এআর আক্তারুল আলম (৬৫)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন এবং মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাড়ি পিরোজপুরের কাউখালি থানার বেকুটিয়া গ্রামে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তি ওয়ারলেস মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে তার সামান্য ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেল চালকের সঙ্গে তার তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে মূল সড়কে ফেলে দেন। ঠিক সেই মুহূর্তে আজমেরী গ্লোরি পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয়। পথচারীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই আল আমিন আরও জানান, ঘটনার পরপরই মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে এবং আজমেরী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক কৌশলে পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নিহত আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদি পরম জানান, মোবাইল ফোনের মাধ্যমে বাবার দুর্ঘটনার সংবাদ পেয়ে তারা সিরাজুল ইসলাম মেডিকেলে ছুটে যান এবং সেখানে বাবার মরদেহ দেখতে পান।


