চলতি রমজানে ১০ লাখ পরিবারকে সরকার সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাবার দেবে বলে জানিয়েছেন মৎস্য-প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবে রমজানে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহ করবে সরকার। সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।’
বৃহস্পতিবার সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে আমাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।’
রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ায় বলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। তাদের কষ্ট কমাতে সরকারের এধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিসিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


