রাঙ্গামাটির কাউখালী উপজেলায় একটি কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে হাসান মিয়া (২২) নামে অটোরিকশাচালক নিহত হয়েছেন। তিনি বরিশালের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।
বুধবার দুপুরে উপজেলার বেতবুনিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন অটোরিকশা যাত্রী গিয়াস উদ্দিন।
স্থানীয়রা জানান, রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে কাঁচামালামাল নেওয়ার পথে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে বেতবুনিয়ায় কভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশাচালক ও অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় চালক ও যাত্রীসহ দুজনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চালক হাসানকে মৃত ঘোষণা করেন।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এসআই) মো. ইসহাক জানান, ঘটনাটি রাঙ্গামাটি জেলার কাউখালীতে ঘটেছে। এতে অটোরিকশাচালক নিহত ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।


