আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে ব্যাংক ও বীমা খাতে বড় ধরনের সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও বীমা খাতে বড় ধরনের সংস্কার করা হবে।’
বুধবার দুপুরে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত ‘পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ২০টির বেশি কোম্পানি গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না উল্লেখ করে আমির খসরু বলেন, ‘মানুষ অর্থনৈতিক নিরাপত্তার জন্য বীমা করে। কিন্তু লুটপাটের কারণে গ্রাহকরা তাদের টাকা ফেরত পান না।’
বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় অনেক ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক তৈরি করা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এসব ব্যাংক-বীমা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। এসব প্রতিষ্ঠানের কোনো জবাবদিহি না থাকার কারণে সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নির্বাচিত সরকার এ খাতগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনবে প্রতিশ্রুতি দিয়ে আমির খসরু বলেন, ‘স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক খাত দলীয়করণ মুক্ত করা হবে। দীর্ঘদিন ধরে যেসব কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে সেগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে।’


