রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমা (৪১) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় ধর্মশিং চাকমার দুই বোনও গুলিবিদ্ধ হন।
নাম প্রকাশ না করার শর্তে ইউপিডিএফ এর এক নেতা দাবি করেন, পূর্ব পরিকল্পিতভাবে সশস্ত্র সংগঠন জেএসএস- এর ১০-১২ জন সদস্য ধর্মশিং চাকমার বাড়িতে অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। এতে ধর্মশিং চাকমার দুই বোন ভাগ্য শোভা চাকমা (৩১) ও কৃপাসোনা চাকমা (৪৫) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় ধর্মশিং পালানোর চেষ্টা করলে বাড়ির পাশে জলাবদ্ধ ক্ষেতে তার পা আটকে যায়। দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে সেখানেই গুলি করেন। হাতে, পায়ে ও পেটের পাশে গুলিবিদ্ধ অবস্থায় তিনি ঘটনাস্থলে মারা যান।
এ প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এর কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায় নি।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর খান বলেন, ভাগ্য শোভা চাকমা ও কৃপাসোনা চাকমা নামে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘কুতুকছড়িতে গোলাগুলির খবর শুনেছি। নিহতের খবর জানি না। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। ঘটনাস্থল পৌঁছলে বিস্তারিত জানা যাবে কাদের মধ্যে গোলাগুলি হয়েছে এবং কয়জন মারা গেছে।’


