ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রনেতা নাঈম উদ্দিনের ওপর পুলিশের হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন ও তদন্ত চলাকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলমকে অপসারণের দাবিতে শাহবাগ থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে নৃবিজ্ঞান’।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের জন্য যায়। তবে শাহবাগ থানার ডিউটি অফিসার ‘কোনো পুলিশ সদস্যের বিরোদ্ধে’ অভিযোগপত্র জমা নিতে প্রস্তুত হননি বলে দাবি করেন শিক্ষার্থীরা।
আন্দোলন করা আনিয়া ফাহমিন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমরা ভেতরে গিয়েছিলাম অভিযোগপত্র জমা দিতে, সেখানে ডিসি ছিল না। তাই আমরা ডিউটি অফিসারের কাছে অভিযোগপত্র জমা দিতে যাই। কিন্তু তিনি পুলিশ সদস্যের বিরোদ্ধে অভিযোগপত্র জমা নিতে রাজি হননি।’
তিনি অভিযোগ করেন, লিখিত অভিযোগের আগে মৌখিক অভিযোগ করতে চাইলে সেটিও নিতে রাজি হননি পুলিশ।
আনিয়া ফাহমিন আরও বলেন, ‘ডিসি মাসুদকে পদে বহাল রেখে সুষ্ঠু বিচার সম্ভব নয়। যার নির্দেশে এই ঘটনা ঘটেছে, তাকে দায়িত্বে রেখে নিরপেক্ষ তদন্ত হতে পারে না। তদন্ত কমিটির নিরপেক্ষতার স্বার্থে তাকে অপসারণ করতে হবে।’
শিক্ষার্থীরা টাইমসকে জানিয়েছেন, গত ২৪ ফেব্রুয়ারি শাহবাগ থানার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ডিসি মাসুদসহ হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা অতিক্রম করলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন তারা।


