রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন।
বাণীতে মির্জা ফখরুল ইসলাম জানান, পবিত্র রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। এ মাসে একজন রোজাদার মহান রব্বুল আলামিনের নিকট করুণা প্রার্থনা করলে আল্লাহ সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন। অন্য এগারো মাসের তুলনায় রমজান অধিক মর্যাদাশীল ও বরকতময় মাস।
বাণীতে বলা হয়, ‘আল্লাহ বলেন–রমজান মাস, এতে মানুষের জন্য হিদায়াত এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্য-মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন অবতীর্ণ হয়েছে। তাই এ মাসের বিশেষত্ব অনেক বেশি। পবিত্র রমজান ইবাদতের বিশেষ মৌসুম; কেননা এ মাসে সিয়াম সাধনা মানুষের গুনাহ দূর করে আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র তৈরি করে। রমজানের উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। এ মাসে রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত ও আশীর্বাদ বহুগুণে বর্ষিত হয়।’
এ সময় বিএনপি মহাসচিব লেররমজানে সবার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, ‘সংযমের মধ্য দিয়ে হিংসা-প্রতিহিংসা, অপরের অমঙ্গল কামনা, অশ্লীলতা ও পঙ্কিলতার আবর্ত থেকে মুক্ত হয়ে সমাজজীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক—এটাই পবিত্র রমজান মাসে আমাদের প্রার্থনা।’


