রাজধানী ঢাকার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন গ্রাহক।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ব্যাংকের গ্রাহকরা দিলকুশায় ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ শুরু করলে তাদের ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ।

এ সময় পুলিশের ছোড়া ইটের আঘাতে একজন গ্রাহক আহত হন। তাকে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সম্প্রতি নিয়োগ পাওয়া ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে গ্রাহক-ফোরামের সদস্যরা ব্যানার ফেস্টুন নিয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন। তারা নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনের চেষ্টা করছিলেন কিন্তু পুলিশি বাধায় ব্যানার, ফেস্টুন প্রদর্শনের সুযোগ পাননি।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রাহক ফোরাম কোনো কর্মসূচি আয়োজনের বিষয়ে আগে থেকে অনুমতি নেয়নি। এ কারণে তাদের বুঝিয়ে সরে যাওয়ার অনুরোধ করা হলেও কয়েকজন আগ্রাসী ও আক্রমণাত্মক আচরণ করায় তারা জলকামান ছুড়তে বাধ্য হন।
উল্লেখ্য, ঈদের আগের শেষ কর্মদিবসে পদত্যাগ করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত ৯টায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।


