যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন করে মানুষের দুর্ভোগ লাঘব করব: সড়ক ও সেতুমন্ত্রী

যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন করে মানুষের দুর্ভোগ লাঘব করব: সড়ক ও সেতুমন্ত্রী
নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমকে মন্ত্রণালয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়
Advertisement
Advertisement

যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন করে মানুষের দুর্ভোগ লাঘব করার প্রতিশ্রুতি দিয়েছেন নবনিযুক্ত নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এ প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় মন্ত্রণালয় তিনটির নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে রবিউল আলম বলেন, ‘বর্তমান সরকারপ্রধান আমাদের ওপর আস্থা রেখে দেশের যোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনটি মন্ত্রণালয়ই সাধারণ মানুষের জন্য কাজ করে। দেশের যোগাযোগব্যবস্থা আধুনিকায়নের মধ্য দিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে আমরা চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘অপচয় রোধ করার মাধ্যমে জনগণের অর্থ যাতে জনগণের প্রয়োজনেই ব্যবহৃত হয়, সেটি আমাদের অগ্রাধিকার থাকবে। সব প্রতিষ্ঠানকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করা হবে। সত্যিকার অর্থেই সেবাধর্মী ও জনবান্ধব মন্ত্রণালয় প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম লক্ষ্য।’

আরও পড়ুন

নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, ‘জনগণ যে ম্যান্ডেট দিয়ে আমাদের দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন, সেই ম্যান্ডেট বাস্তবায়ন করাই হবে আমাদের অন্যতম উদ্দেশ্য। আমরা জনগণের আস্থার প্রতিদান দিতে দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করতে প্রস্তুত।’

এ সময় মন্ত্রণালয় তিনটির নবনিযুক্ত আরেক প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, ‘আমরা কথায় নয়, আমাদের কর্মের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিদান দিতে চাই। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করতে চাই।’

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং দেশের পরিবহন খাতের উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম এবং প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসানকে সচিবালয়ে ফুল দিয়ে বরণ করে নেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, নৌপরিবহন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad