যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা প্রশমন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।
বাংলাদেশ আশা প্রকাশ করে, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই ও কার্যকর ফল বয়ে আনবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে বিদ্যমান ইতিবাচক পরিবেশকে কাজে লাগিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাকি সমস্যাগুলোর সমাধানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে অঞ্চলটিতে দ্রুত শান্তি-শৃঙ্খলা, সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং পারস্পরিক সহযোগিতার পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছে বাংলাদেশ।


