রাজধানীর যাত্রাবাড়ীর আড়তের পেছনে আমিনুল ইসলাম (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ২৮ হাজার ৫০০ টাকা ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতের ছোট বোনের স্বামী সোলাইমান জানিয়েছেন, সোমবার সকালে আমিনুল যাত্রাবাড়ী মাছের আড়তে যাওয়ার সময় ২-৩ জন ছিনতাইকারী পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে বাম পাঁজরে আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ ২৮ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন সোলাইমান।
আহত আমিনুল সিরাজগঞ্জে জেলার এনায়েতপুর থানার ব্রাহ্মণ গ্রামের রবি বেপারীর ছেলে। তিনি যাত্রাবাড়ী মাছের আড়তের পেছনে বড় মাদ্রাসা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এর আগেও গত ১৭ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর আড়তের অদূরে এমেদ আলী (৫০) নামে এক মাছ ব্যবসায়ীকে ছিনতাইকারীরা কুপিয়ে নগদ ৬২ হাজার টাকা নিয়ে যায়। তিনি মাছ কিনতে রিকশায় করে আড়তে যাচ্ছিলেন।


