ঢাকার যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় লেগুনায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৪৫) ও সাইফুল ইসলাম (৫৫)।
পুলিশ জানায়, সকালে ঘণ্টিঘর এলাকায় যাত্রী নামাতে একটি লেগুনা থামিয়ে রাখা হয়। এ সময় বাহাদুর শাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে লেগুনায় থাকা তিন আরোহী গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বাসের চালককে আটক করা হয়েছে।


