বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
শনিবার রাতে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাষানটেক সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী খাইরুল হোসাইন কামরুল (২২) ও তার বন্ধু পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী ইয়াসিন রানা (২৭)।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মোটরসাইকেলে থাকা দুইজন বন্ধু। ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। গাড়িটি জব্দ করা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহত খাইরুলের ভগ্নিপতি মো. মহসিন মাতব্বর জানান, খাইরুলের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা গ্রামে। তার বাবার নাম মো. হারুন অর রশিদ। খাইরুল মিরপুর-১৪ ভাষানটেক এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। একই এলাকাতে থাকতেন তার বন্ধু ইয়াসিনও।
তিনি জানান, ইয়াসিনকে সঙ্গে নিয়ে খাইরুল বন্ধুর বিয়ের অনুষ্ঠানে শুক্রবার লক্ষ্মীপুর গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে সদ্য বিয়ে করা ওই বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঢাকায় ফিরছিলেন তারা।
তিনি আরও জানান, ঢাকায় শনির আখড়া আসার পরও ফোনে পরিবারের সঙ্গে খাইরুলের কথা হয়। তখন তিনি বলেছিলেন, আর ৪০-৪৫ মিনিট লাগবে বাসায় পৌঁছাতে। কিন্তু এর কিছুক্ষণ পরই তাদের দুর্ঘটনার খবর শুনতে পায় পরিবার।
জানা গেছে, মুরগিবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১১টায় খাইরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইয়াসিন চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান।


