যশোর সেনানিবাসের ‘সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে’ (এসটিসিএন্ডএস) বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালস্-এর বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সেনাপ্রধান অনুষ্ঠানে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে তিনি অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী কোর অব সিগন্যালস্-এর সেনাসহ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সেনাবাহিনী প্রধান দেশ ও জাতি গঠনে কোর অব সিগন্যালস্ এর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সততা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে কোর অব সিগন্যালস্ দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে রোববার এসটিসিএন্ডএস-এ কোর অব সিগন্যালস্-এর ১১তম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজ।
নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টকে জ্যেষ্ঠতম অফিসার ও জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তা কর্নেল কমান্ড্যান্ট র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।


