যশোরের শার্শায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা গ্রামের কেবি ইটভাটা ও গিলাপোল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শার্শা উপজেলার উলাশি খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে শাহীনুর রহমান ওরফে শাহিন হোসেন (৩৫) এবং একই এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪২)।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সোমবার সকালে শাহিন হোসেন নিজের ক্ষেত থেকে কাঁচা মরিচ তুলে বিক্রির উদ্দেশে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। পথে গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শাহীনুর ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত অবস্থায় তোফাজ্জেলকে উদ্ধার করে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, সকালে মোটরসাইকেলে বাজারে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপারকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


