মোটরসাইকেলের পেছনে থাকা ডিজিটাল নম্বর প্লেটের পাশাপাশি সামনে ম্যানুয়াল নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
জরুরি এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ বলেছে, কর্তৃপক্ষের নির্ধারিত মাপ ও নির্দেশনা মেনে মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে সামনের নম্বর প্লেট লাগাতে হবে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিসংবলিত আলো প্রতিফলক নম্বর প্লেট থাকা বাধ্যতামূলক। তবে যান চলাচল ব্যবস্থাপনা ও নজরদারি জোরদার করতে সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শন করা প্রয়োজন বলে জানিয়েছে বিআরটিএ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সামনের নম্বর প্লেট স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। কোনো নকশা বা বাড়তি অলংকরণ করা যাবে না।
স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের আলাদা মাপ নির্ধারণ করেছে বিআরটিএ।
স্কুটারের সামনের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার। অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে অন্তত ২০ মিলিমিটার।
অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার। এ ক্ষেত্রেও অক্ষর ও সংখ্যার উচ্চতা অন্তত ২০ মিলিমিটার হতে হবে।


