মেহেরপুরের মেহেরপুর-মুজিবনগর সড়কে সংঘবদ্ধ ডাকাতের হামলায় শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় নারীদের কানের দুল, মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।
বুধবার রাত ১টার দিকে সড়কের পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। গুরুতর আহত দুইজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন–আব্দুর রশিদ (৩০), তার স্ত্রী সোহানি জামান (২৭), উবসন (৪০), তিন বছরের শিশু আয়ান এবং অটোরিকশাচালক রাজা মিয়া (৩৭)।
তাদের মধ্যে আব্দুর রশিদ ও অটোরিকশাচালক রাজা মিয়াকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আহতদের স্বজনরা জানান, বুধবার রাতে মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে অসুস্থ সোহানি জামানকে নিয়ে অটোরিকশায় করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসছিলেন পরিবারের সদস্যরা। পরে পিটিআই ও নতুনগ্রামের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ডাকাত দল সড়কে গাছ ফেলে অটোরিকশার গতি রোধ করে।
পরে অটোরিকশায় থাকা যাত্রীদের মারধর করে নারীদের কানের দুল, দুটি মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। অটোরিকশাচালক রাজা মিয়া ও আব্দুর রশিদ বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে গুরুতর আহত করা হয়।
এ সময় জে আর পরিবহনের একটি বাস আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে বলে জানায় স্বজনরা।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


