মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্পে ২ মৃত্যু

মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্পে ২ মৃত্যু
ভূমিকম্পের পর রাস্তায় বেড়িয়ে আসেন বহু মানুষ। ছবি: রয়টার্স
Advertisement
Advertisement

মেক্সিকোতে ভূমিকম্প ও আফটার শকে (মৃদু কম্পন) বাড়ি ধসে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার দক্ষিণ ও মধ্য মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় ভূকম্পন সংস্থার তথ্যানুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৫।

সংস্থাটি জানায়, ভূমিকম্পের পর ৫০০টিরও বেশি আফটার শক (পরবর্তী মৃদু কম্পন) অনুভূত হয়েছে। কেন্দ্র প্রশান্ত মহাসাগরীয় উপকূলের পর্যটন শহর আকাপুলকোর কাছের দক্ষিণের গুয়েরেরো রাজ্যের সান মারকোস শহরের কাছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমি থেকে ২১ দশমিক ৭ মাইল (৩৫ কিলোমিটার) গভীরে কম্পন সৃষ্টি হয়।

রাজ্যের সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, আকাপুলকো এবং রাজ্যের অন্য মহাসড়কে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। গুয়েরেরোর গভর্নর এভেলিন সালগাদো জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছের একটি বাড়ি ধসে ৫০ বছর বয়সী এক নারী মারা যান।

আরও পড়ুন

মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে মেক্সিকো সিটি ও আকাপুলকোর বাসিন্দা এবং পর্যটকরা ছুটে রাস্তায় বেরিয়ে আসেন। এ সময় ৬৭ বছর বয়সী এক পর্যটক অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গুয়েরেরোর রাজধানী চিলপানসিংগোতে অবস্থিত একটি হাসপাতালে বড় ধরনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এরইমধ্যে নিরাপত্তা বিবেচনায় হাসপাতাল থেকে বেশ কয়েকজন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে।

এপির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের সময় নতুন বছরের প্রথম প্রেস ব্রিফিং করছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম। এমন সময় ভূমিকম্প আঘাত হানায় তার বক্তব্যও বাধাগ্রস্ত হয়।

ভূমিকম্পের কিছু সময় পর প্রেসিডেন্ট শেইনবাউম তার প্রেস ব্রিফিং আবার শুরু করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad