জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজপথে নেমে বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার দুপুরে ওমরাহ পালন শেষে দেশে ফিরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদের ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে। কিন্তু যতটুকু অর্জন সেই সময় হয়েছে, সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরও মাঠে নামতে হবে। ফলে মুহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।’
নাহিদ ইসলাম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করা হয়েছিল, বর্তমান সরকার সেগুলো আইনে পরিণত করছে না। তিনি বলেন, ‘মুহাম্মদ ইউনূসসহ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ যে উপদেষ্টারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদের কথা বলতে হবে।’
তিনি আরও বলেন, ‘মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টা অধ্যাদেশ করে ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গেছেন। এখন সেই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। সংস্কার হবে না। আর তারা কোনো কথা বলবে না, এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়ায় তাদেরও দাঁড়াতে হবে।’
নাহিদ ইসলাম দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি, বিশেষ করে সামনে সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবিলায়। তার মতে, জনগণের আস্থা ছাড়া সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে না।
তিনি বলেন, ‘সামনে যে অর্থনৈতিক মন্দা আসছে, সেই জায়গায় সরকারের ওপর যদি নূন্যতম আস্থা জনগণের না থাকে। এই সরকার পরিচালনা করতে পারবে না।’
বর্তমান সংসদ পরিস্থিতি নিয়েও সমালোচনা করে তিনি বলেন, ‘জাতীয় সংসদে যেটা হচ্ছে, এটা এক ধরনের নাটক এবং সরকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে।
সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলন চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, ফলে রাজপথে আমাদের অবস্থান নিতে হচ্ছে।’


