মুন্সিগঞ্জের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে তুহিন দেওয়ান নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ তোলা হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত তুহিন (২২) মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম দেওয়ানের ছেলে।
তুহিনের মা লাকি আক্তার জানান, রোববার সন্ধ্যার দিকে নিজ গ্রামেই হাঁটাহাঁটি করতে বের হয় তুহিন। রাত সাড়ে ৯টার দিকে মুন্সিকান্দি স্কুল পার হয়ে কমিউনিটি ক্লিনিকের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই পূর্বশত্রুতার জেরে অপরাধীরা তুহিনকে এলোপাতাড়ি গুলি করে।
পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। তাই তুহিনকে বাঁচাতে আশপাশের কেউ এগিয়ে আসতে পারেননি বলে জানান মৃতের মা।

‘রাজনৈতিক পূর্বশত্রুতার জেরে গত কয়েক মাস ধরেই আমার ছেলেকে হত্যার হুমকি দিচ্ছিল হত্যাকারীরা। কয়েক মাস এলাকা ছেড়ে লুকিয়ে থাকলেও এক রাজনৈতিক নেতার কারণে অপরাধীরা এলাকাতেই নির্ভয়ে থাকত। ওই নেতার কারণে আমার ছেলের উপরে প্রতিপক্ষ আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে’ বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মুন্সিগঞ্জ জেনারেল হাপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত জানান, মৃতের পিঠে ও ঘাড়ে অনেকগুলো গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থাতেই হাপাতালে আনা হয়।
মুন্সিগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, তুহিনের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে। তবে, কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
বর্তমানে এলাকার পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।


