‘মুচলেকায় ছেড়ে দেওয়া’ শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তার

‘মুচলেকায় ছেড়ে দেওয়া’ শিশু ধর্ষণচেষ্টার আসামি গ্রেপ্তার
গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অভিযুক্ত ইমরান। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধায় সদরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুচলেকা দিয়ে ছাড়া পাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে অভিযুক্ত ইমরান সরকারকে (৩০) শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি দেওয়া হয়।

শিশুটির বাবা ধর্ষণচেষ্টার মামলা করার পর আহত অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

থানাসূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার একটি লিচুর বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী শিশুকে লিচু দেওয়ার লোভ দেখিয়ে বাগানের ভেতর নিয়ে যান আসামি ইমরান। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ইমরানকে গণপিটুনি দিয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদে আটকে রাখে।

স্থানীয়রা জানান, ওইদিন রাতেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মশিউর রহমান সরকার বিএনপির কয়েকজন নেতা, উকিল ও পুলিশ মুচলেকার বিনিময়ে অভিযুক্ত ইমরানকে ছেড়ে দেয়।

আরও পড়ুন

বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত ১০টার দিকে ইমরান সরকারের বিরুদ্ধে মামলা করেন শিশুটির বাবা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই অভিযুক্ত ইমরান সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, ‘আমি এ বিষয়ে কোন কথা বলতে পারব না। কথা বললে বিএনপি নেতাদের নাম, উকিলের নাম জানতে চাইবেন। বলে আমাকে বিপদে ফেলবেন।’ এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।

তবে মুচলেকার বিষয়টি অস্বীকার করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেই অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর