শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার সকাল ৭টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এর কিছুক্ষণ পর সকাল ৭টা ২০ মিনিটে ফুল দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দেওয়ার পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা।
এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম দেয়, বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা আলাদাভাবে উপদেষ্টামণ্ডলীর সদস্য, সামরিক-বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। এসময় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষও বুদ্ধিজীবীতের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে আসে।


