মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও খাদ্যসামগ্রীসহ ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ডের জাহাজ ‘জয় বাংলা’ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ–পশ্চিম সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকায় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য রাখা প্রায় ৩২ লাখ টাকা মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য জব্দ করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ২৭ হাজার ৫০০ কেজি মটর ডাল, এক হাজার কেজি পেঁয়াজসহ অন্যান্য খাদ্যসামগ্রী। এ সময় বোটে থাকা ১০ জন পাচারকারীকেও আটক করা হয়।
জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।


