আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিথ্যা কথা, গীবত ও অন্যের সমালোচনা থেকে রাজনীতিবিদদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আপনাদের সামনে একটি দল এসেছে। তারা আগে আমাদের সঙ্গে ছিল, এখন নির্বাচন করবে। রাজনীতি করবেন, কিন্তু দয়া করে মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না এবং অন্যের সমালোচনা করবেন না।’
বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নির্বাচনী এলাকা নারগুন ইউনিয়নের কিসমত স্কুল মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।
পথসভায় মির্জা ফখরুল আশ্বস্ত করে জানান, বিএনপি কাজের রাজনীতিতে বিশ্বাসী, সমালোচনার রাজনীতিতে নয়।
তিনি বলেন, ‘চরমোনাই পীরসাহেব বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়। আলেম-ওলামারা বলছেন, তারা ইসলামের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। সাধারণ ভোটার ও মা-বোনদের ভুল বোঝানো হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে।’
এ ধরনের কথা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না জানিয়ে তিনি বলেন, ‘আল্লাহ নির্ধারণ করবেন কে জান্নাতে যাবেন।’
বিএনপি মহাসচিব জানান, টেলিভিশন ও মোবাইলে একটি দলের নেতাকে নারীদের নিয়ে বাজে মন্তব্য করতে দেখা যাচ্ছে। মা-বোনদের সম্মান না দিতে পারলে, তাদের নিয়ে কটু কথা বললে জান্নাতে যাওয়া যায় কিনা এমন প্রশ্ন তোলেন তিনি।
এরকম মানসিকতা নিয়ে ভালো কাজ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


