আসন্ন ১২ ফেব্রুয়ারির গণভোটে সবাইকে ‘হ্যা’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি।
মঙ্গলবার বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারের সময় বিএনপি সমর্থিত ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি একথা বলেন।
জয়কালীপুরে এক পথসভায় জোনায়েদ সাকি বলেন, ‘আমরা গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচনে যাচ্ছি। আপনারা সবাই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। এই জুলাই জাতীয় সনদ আমাদের হাজার হাজার তরুণের রক্তের ওপর দাঁড়িয়ে লেখা হয়েছে। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।’
তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে নানা অত্যাচার, জেল-জুলুম, হুলিয়া, গুম ও খুন মোকাবিলা করে আমাদের এই লড়াই জারি রাখতে হয়েছে। সমস্ত বিরোধী দলের ওপর অমানুষিক নির্যাতন হয়েছে, যার মধ্যে বিশেষভাবে বিএনপির ওপর নির্যাতনের মাত্রা ছিল সবচেয়ে বেশি। আপনারা এখানে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন, কিন্তু দমে যাননি।’
জোনায়েদ সাকি বলেন, ‘আজ আমরা আবার একটি সুযোগ পেয়েছি, ভোট দেওয়ার সুযোগ। এই ভোটের মাধ্যমে একদিকে গণভোটে “হ্যাঁ” দেবেন, অন্যদিকে সংসদ নির্বাচনে সারাদেশে বিএনপি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ জোটের প্রার্থীদের জয়ী করবেন।’


