রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে মালিবাগ রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পথচারীরা জানান, দুপুরে ওই ব্যক্তি মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পথচারী মো. আরিফুল ইসলামসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকালে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী আরিফুল ইসলাম জানান, নিহত ব্যক্তিকে এর আগে প্রায়ই মালিবাগ রেলগেট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তিনি মূলত মানুষের কাছে খাবার চেয়ে জীবনধারণ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে এবং তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


