বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ‘জহুরুল হক’ ঘাঁটিতে যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী ওই যৌথ মহড়া চলছে। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান জ্যাকবসন বিভিন্ন বিশেষজ্ঞদের মত বিনিময় চর্চা (সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ এক্সচেঞ্জ) সাইট পরিদর্শন করেন এবং এ সংক্রান্ত কার্যক্রম (সার্চ অ্যান্ড রিসার্চ মেরিটাইম অ্যান্ড ফ্লাড অপারেশন, ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরে তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, ওই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর মোট ১৫০ জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ৯২ জন সদস্য অংশ নিচ্ছেন। এই মহড়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।


