কক্সবাজারে মায়ের সম্পত্তির ভাগ চাইতে গিয়ে মামার হাতে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রুমালিয়ারছড়া বাচা মিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নুরুল আমিন মুন্না। তিনি রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক মাস আগে মুন্নার সঙ্গে জমি নিয়ে তার নানীর বাগবিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মামা হামিদ উল্লাহসহ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে আঘাত করেন। পরে স্থানীয়রা মুন্নাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মর্গের সামনে কাজল নামের এক তরুণী জানান, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর শুক্রবার তাদের বিয়ে হওয়ার কথা ছিল। মুন্নাকে বাঁচাতে গিয়ে তিনিও হামলার শিকার হয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘মুন্নার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড এবং কারা জড়িত, তা নিয়ে তদন্ত করা হচ্ছে।’
পুলিশের একটি সূত্র জানিয়েছে, রুমালিয়ারছড়ার সমিতি বাজার এলাকার নুরুল আমিন মুন্না সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বহু মামলার আসামি। গণমাধ্যমে বেশ কয়েকবার মুন্নার বিরুদ্ধে সংবাদও প্রকাশ হয়েছিল। এ ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ কয়েকবার আটকও হয়েছিলেন মুন্না।


