রাজধানীর দাশেরকান্দি এলাকায় অবস্থিত আধুনিক দাশেরকান্দি পয়ঃশোধনাগার পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পয়ঃব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পেশাদারত্ব, জবাবদিহি ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
ঢাকাবাসীর দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার টেকসই সমাধানে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, উন্নত পয়ঃশোধন ব্যবস্থা পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের নির্বাহী প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় কর্মকর্তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
স্থানীয় সরকারমন্ত্রী আশা প্রকাশ করেন, সমন্বিত উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দাশেরকান্দি পয়ঃশোধনাগার ঢাকাবাসীর জন্য একটি কার্যকর ও পরিবেশবান্ধব স্যানিটেশন ব্যবস্থার মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।


