জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান।
বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিশনের কমিশনাররা উপস্থিত ছিলেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে মানবাধিকার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চলমান কার্যক্রম, জাতিসংঘের সঙ্গে সমন্বিতভাবে কাজের সুযোগ এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানবাধিকার ইস্যু, বিশেষ করে রোহিঙ্গা সংকটের মানবিক ও মানবাধিকার দিকগুলো তুলে ধরা হয় এবং টেকসই সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় জাতিসংঘের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ প্রক্রিয়ার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় ও প্রস্তুতি জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।
বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫–এ কমিশনের এখতিয়ার ও কর্মপরিধি সম্প্রসারণের বিষয়টি উল্লেখ করেন এবং অধ্যাদেশটি দ্রুত আইনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উভয় পক্ষ মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে তা আরও সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত রাখা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ চালু রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


