মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে হত্যা

মাগুরায় মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে হত্যা
নিহত টিটো মন্ডল | ফাইল ছবি
Advertisement
Advertisement

মাগুরার শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে টিটো মন্ডল (২০) নামে এক কলেজ শিক্ষার্থী খুন হয়েছেন। এ ঘটনায় আরও চার যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।

নিহত টিটো গজদূর্বা গ্রামের টোকন মন্ডলের ছেলে এবং শালিখা সিংড়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১০টার দিকে পাশ্ববর্তী বলাই নাঘোষা গ্রামের ফাহিমসহ কয়েকজন গজদূর্বা গ্রামের নদীর পাড়ে একটি কুঁড়ে ঘরে মাদক সেবন করছিল।

বিষয়টি জানতে পেরে টিটো মন্ডল স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে মাদকসেবনে বাধা দেয়। এ সময় মাদকসেবীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

আরও পড়ুন

হামলায় টিটো মন্ডলসহ পাঁচজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে টিটো মন্ডলের মৃত্যু হয়।

আহতদের মধ্যে লাবিব, ডলার ও মাহিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শাকিল মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।

তিনি বলেন, ‘ঘটনার মূল আসামি সিফাত বিন ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। অন্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর